সারমেয়কে পিটিয়ে হত্যা! লাইভে এসে ডুকরে কাঁদলেন অভিনেত্রী মঞ্জরী
নিজের আবাসনের সারমেয় ‘মাইকি’-কে নৃশংসভাবে হত্যার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় এক মর্মস্পর্শী ভিডিও বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী মঞ্জরী ফডনিস। আকস্মিক এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত অভিনেত্রী জানিয়েছেন, আবাসনবাসীর আদরের এই প্রাণীকে অমানবিক নির্যাতনে হত্যার পর নিখোঁজ করা হয়েছে। এই ঘটনায় নেটপাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পশুপ্রেমীরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, বিশ্রামেরত সারমেয়টিকে প্রথমে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করা হয়। অসুস্থ হয়ে পড়ার পর তাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। এরপর যন্ত্রণাকাতর প্রাণীটিকে বস্তাবন্দি করে কাছের একটি খাঁড়িতে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি মঞ্জরীর। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী প্রাণী সুরক্ষা আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে মাইকির দেহ উদ্ধার ও দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।