শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় ৪১ দিন পর FIR, প্রশ্নের মুখে ট্যাংরা থানা!
গত ২৩ এপ্রিল বিধানসভা ভোটের প্রথম দিন ট্যাংরা থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে একটি নির্মীয়মাণ বহুতলের সিঁড়ি থেকে দু’বছরের এক শিশুকন্যার নিথর দেহ উদ্ধার হয়। শিশুকন্যাটিকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভয়াবহতা সত্ত্বেও পুলিশ দীর্ঘ ৪০ দিন বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ কোনো এফআইআর (FIR) দায়ের না করে সেটিকে কেবল একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে রেখেছিল।
ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পর গত ৩ জুন, ঘটনার ৪১ দিন পর ট্যাংরা থানা অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে পকসো আইনের ৬ ধারা, খুন ও তথ্যপ্রমাণ লোপাটের ধারায় মামলা দায়ের করতে বাধ্য হয়। এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরাধের গুরুত্ব অনুধাবন না করে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো এবং পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণে, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ও তদন্তের গতিপ্রকৃতি এক বড় প্রশ্নের মুখে পড়েছে।