সম্পত্তি হাতানোর নিষ্ঠুর ছক! অধ্যাপিকাকে খুনে গ্রেফতার বর্ধমানের ভাড়াটে দম্পতি
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবস্মিতা পালকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ভাড়াটে দম্পতি রামপ্রসাদ দাস ও বনশ্রী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় ওই দম্পতির এক নাবালক সন্তানকেও আটক করা হয়েছে। বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তদন্তে উঠে এসেছে, বর্ধমানে থাকা দেবস্মিতার পৈত্রিক বাড়িটি দখল করার উদ্দেশ্যেই অভিযুক্তরা এই অপরাধের ছক কষেছিলেন। ওই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকা অভিযুক্ত দম্পতি দীর্ঘ দিন ধরে বাড়িটি কেনার জন্য শিক্ষিকাকে চাপ দিচ্ছিলেন। তবে তিনি তাতে রাজি না হয়ে বরং ভাড়াটেদের বাড়ি খালি করার নির্দেশ দেন। এই আক্রোশ থেকেই গত বুধবার ছদ্মবেশে শিক্ষিকার দিল্লির ফ্ল্যাটে পৌঁছান অভিযুক্তরা। এরপর হামানদিস্তার নোড়া দিয়ে আঘাত ও ক্ষুর দিয়ে হাতের রগ কেটে মাত্র ৩০ মিনিটের মধ্যে দেবস্মিতাকে নৃশংসভাবে হত্যা করে তারা পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ এবং নিহতের বোনের তথ্যের ভিত্তিতে দিল্লির পুলিশ বর্ধমানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।