জাপানের পর এবার নেপালে নিষিদ্ধ ভারতীয় আম, আপনার প্রিয় আমটি কি নিরাপদ?
জাপানের পর এবার প্রতিবেশী দেশ নেপালেও নিষিদ্ধ করা হয়েছে ভারতের আম। আলফনসো, কেশর, ল্যাংড়া এবং বঙ্গনপল্লির মতো পরিচিত ভারতীয় আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশকের উপস্থিতি পাওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বড় ধরনের সংকটের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরসহ ভারতের বিভিন্ন প্রান্তের আম চাষিরা।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে সীমান্ত কোয়ারেন্টাইন চেকপয়েন্টে পরীক্ষার সময় ভারতীয় আমের বেশ কিছু চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি কীটনাশক পায় নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এরপরই নেপাল সরকার সীমান্ত চেকপয়েন্টগুলোতে কড়া নজরদারি শুরু করে এবং আম প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। উল্লেখ্য, প্রতি বছর ভারত থেকে নেপালে প্রায় ৩ হাজার ৩০০ মেট্রিক টন আম রপ্তানি হয়, যার আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই রপ্তানি বন্ধ হওয়ায় ভারতের আম চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং নেপালের বাজারে আমের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।