নতুন ভাতা পাচ্ছেন বেকাররা, সুখবর দিলেন দিলীপ ঘোষ!
রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তা বাছাই ও নতুন ভাতা চালুর প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের জোয়াড়গড়ি গ্রামে এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে তথ্য যাচাইয়ের কাজ শেষ করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের নতুন ভাতার সুবিধা প্রদান শুরু হবে। রাজ্যে বেকার যুবকদের ৩০০০ টাকা ভাতা প্রদান এবং মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প বাস্তবায়নে এই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।
দিলীপ ঘোষ অভিযোগ করেন, আগের সরকারের আমলে প্রকল্পের সুবিধা বণ্টনে অনিয়ম হয়েছিল এবং অযোগ্য ব্যক্তিরা অনৈতিকভাবে সুবিধা পেয়েছিলেন। এই অস্বচ্ছতা দূর করতেই বর্তমান সরকার নতুন করে তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। তিনি স্পষ্ট করেছেন, প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করাই এর প্রধান লক্ষ্য এবং কোনো বিদেশি নাগরিক সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া বেকার যুবকদের সুবিধার জন্য একটি নতুন পোর্টাল চালুর সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে ধাপে ধাপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।