লক্ষ্মীর ভাণ্ডারের কোটি টাকা লোপাট, ডোমকলে গ্রেফতার ৩ মাথা!

মুর্শিদাবাদের ডোমকলে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আলী খুররম ওরফে নিউটন, সার্জেন শেখ এবং মিজানুর রহমান। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ব্যাঙ্ক নথিপত্র, আধার কার্ড ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। মহিলাদের অজান্তেই তাঁদের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার এক বড়সড় চক্রের সন্ধান পেয়েছে প্রশাসন। রঘুনাথগঞ্জের পর ডোমকলে এমন ঘটনার পুনরাবৃত্তিতে জনমনে চাঞ্চল্য তৈরি হয়েছে।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ বা আধার কার্ড আপডেটের নাম করে সরলমনা মহিলাদের তথ্য সংগ্রহ করত। পরবর্তীকালে সেই নথির ভিত্তিতে মহিলাদের অজানতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হতো, যেখানে নিজেদের মোবাইল নম্বর যুক্ত করে রাখত প্রতারকরা। ফলে সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলেও প্রকৃত প্রাপকরা তা জানতে পারতেন না, আর সুযোগ বুঝে প্রতারকরা সেই অর্থ তুলে নিত। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এত নিখুঁতভাবে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি ও সরকারি পোর্টালের সুবিধা ব্যবহারের নেপথ্যে কোনো বড় চক্র বা ব্যাঙ্কের অসাধু কর্মীদের যোগসাজশ থাকতে পারে। মূল হোতাদের ধরতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *