পাটনা হাইকোর্টের দ্বারস্থ খান স্যার, রাজ্য সরকারকে নোটিস!
পাটনার ‘খান গ্লোবাল স্টাডিজ’-এর সামনে সংঘটিত সংঘর্ষ ও হিংসার ঘটনায় নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল এবং বন্ধ হয়ে যাওয়া কোচিং সেন্টার পুনরায় খোলার দাবিতে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’। গত ৪ জুন দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে ৯ জুন তিনি একটি ফৌজদারি রিট পিটিশন দাখিল করেন। বুধবার বিচারপতি চন্দ্রশেখর ঝার বেঞ্চে এই মামলার শুনানির পর আদালত বিহার রাজ্য সরকারকে নোটিস পাঠিয়ে চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। আগামী ১৩ জুলাই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং ততদিন পর্যন্ত বিষয়টি স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ২ জুন কোচিং সেন্টারের সামনে ১৫-২০ জনের একটি দল ভাঙচুর ও পাথর ছুড়ে এক নিরাপত্তারক্ষীকে মারধর করে। পুলিশের দাবি, বিহার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার সাফল্য নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারের বিরোধের জেরে এই অশান্তি সৃষ্টি হয়। পরবর্তী তদন্তে সিসিটিভি ফুটেজ ও ধৃত নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে পুলিশ জানায়, খান স্যার ও তাঁর সহযোগীদের নির্দেশেই গুলি চালানো হয়েছিল। এর ভিত্তিতে ৪ জুন অস্ত্র আইনসহ একাধিক গুরুতর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। যদিও খান স্যারের আইনজীবীদের দাবি, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিশোধমূলক এবং তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার পাটনা আদালত তাঁকে গ্রেপ্তারির ওপর অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে।