ইস্তফা দেওয়ার পরেও কলকাতার জলনিকাশি নিয়ে বড় পদক্ষেপ ফিরহাদ হাকিমের!

কলকাতা: মেয়র পদ থেকে ইস্তফা দিলেও কলকাতার জল জমা সমস্যা মোকাবিলায় তৎপর রয়েছেন ফিরহাদ হাকিম। বুধবার দক্ষিণ কলকাতার লেক টেরেস রোডের একটি কমিউনিটি হলে আয়োজিত কলকাতা পুরসভার উচ্চপর্যায়ের প্রাক-বর্ষা প্রস্তুতি বৈঠকে যোগ দেন তিনি। পদত্যাগের পর পুরসভার কোনো বৈঠকে এটাই ছিল তাঁর প্রথম উপস্থিতি। বর্তমানে ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও কলকাতা পোর্ট এলাকার বিধায়ক হিসেবে তিনি নিজের এলাকা ও বন্দর অঞ্চলের জল জমার সমস্যা দ্রুত মেটানোর বিষয়ে পুর কর্তৃপক্ষকে একাধিক পরামর্শ দিয়েছেন।

পুরসভা সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে মূলত পার্ক স্ট্রিট থেকে গড়িয়া (৬ থেকে ১০ নম্বর বরো) এবং বন্দর এলাকার (১৫ নম্বর বরো) জলাবদ্ধতা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দক্ষিণ কলকাতার ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজনে অতিরিক্ত পাম্প ভাড়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে। বৈঠকে উপস্থিত পুর-প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছেন, প্রাক্তন মেয়রের দেওয়া প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *