অভিষেকের ওপর আইনি খাঁড়া, সশরীরে হাজিরার নির্দেশ ত্রিপুরার আদালতের!
২০২১ সালের একটি ফৌজদারি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দিল ত্রিপুরার খোয়াই আদালত। আলিপুর আদালতের মাধ্যমে পাঠানো এই সমনটি বুধবার বিকেলে কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২২ জুন তাকে খোয়াই আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। সমন পৌঁছে দেওয়ার সময় স্থানীয় কালীঘাট থানা পুলিশের সহায়তা নেওয়া হয় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়ায় সমনটি গ্রহণ করা হয়।
অন্যদিকে, রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগে সিআইডি তাকে তলব করেছিল। গত ৩০ মে পাঠানো সেই নোটিশের প্রেক্ষিতে হাজিরা এড়াতে আরও কিছুটা সময় চেয়ে সিআইডি-র কাছে চিঠি দিয়েছেন ডায়মন্ড হারবারের এই সাংসদ। ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচির সময় রুজু হওয়া পুরনো মামলা এবং রাজ্যে সই জাল সংক্রান্ত তদন্ত— এই দুই আইনি প্রক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।