বিকেল গড়ালেই কালবৈশাখীর দাপট, দক্ষিণবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা!
তীব্র ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ বিকেল চারটের পর থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি সক্রিয় হওয়ায় সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আটটি জেলায়—পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হতে পারে। এছাড়া কলকাতা ও বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবেই আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।