হঠাৎ কী হলো রাহুলের! প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ জানালেন প্রিয়জনেরা
শুটিং সেটে অভিনেতা রাহুলের মৃত্যু: তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের
অভিনয় চলাকালীন শুটিং সেটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের অভিযোগের ভিত্তিতে ওড়িশা সরকারকে দ্রুত তদন্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনো ধরনের নিরাপত্তা বিধি মানা হয়নি, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ওড়িশা সরকারের কাছে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবি জানানো হয়েছে।
এই ঘটনায় প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের দাবি, নিরাপত্তা বিধি উপেক্ষা করায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনসহ কঠোর ধারায় মামলা রুজু করে সংশ্লিষ্ট সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করতে হবে। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশের পর বিষয়টি বালেশ্বর জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।