বেকার হলেও সন্তানের দায়িত্ব এড়ানো অসম্ভব, পিতার দায়বদ্ধতা নিয়ে হাইকোর্টের কড়া বার্তা!

কর্মসংস্থানহীনতা বা আর্থিক অনটনের অজুহাত দেখিয়ে নাবালক সন্তানদের ভরণপোষণ থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে বম্বে হাই কোর্ট। আদালত স্পষ্ট করেছে, সন্তানদের প্রতি পিতার দায়িত্ব কেবল আইনি নয়, বরং এটি একটি অকাট্য নৈতিক দায়বদ্ধতা। কর্মহীন হওয়ার দোহাই দিয়ে সন্তানদের আর্থিক সহায়তা দেওয়া থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই।

মহারাষ্ট্রের অমরাবতীর বুলধানার এক বাসিন্দা নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে আবেদন করেছিলেন। নিম্ন আদালত তাকে ১০ ও ৭ বছর বয়সী দুই সন্তানের ভরণপোষণের জন্য মাসে ৮ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। আবেদনকারী দাবি করেছিলেন, তিনি বর্তমানে বেকার এবং অটোরিকশা বিক্রি করে দেওয়ায় তার পক্ষে সন্তানদের খরচ বহন করা অসম্ভব। তবে যুবকের এই যুক্তি খারিজ করে দিয়ে বিচারপতিরা জানিয়েছেন, শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও পিতার পক্ষে সন্তানদের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। অতীতেও ওই ব্যক্তি সন্তানদের দায়িত্ব পালনে গাফিলতি করেছেন বলে আদালত উল্লেখ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *