ভুবনেশ্বরে বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা!
ভুবনেশ্বরে বড় ধরনের রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী। বৃহস্পতিবার সকালে শহরের ঝাড়পাড়া ওভারব্রিজের কাছে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। শেষ মুহূর্তে ট্রেন দুটি থেমে যাওয়ায় বড় কোনো বিপর্যয় ঘটেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও প্রযুক্তিবিদরা।
২০২৩ সালের বালাসোর ট্রেন দুর্ঘটনার স্মৃতি উসকে দেওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এদিন ভুবনেশ্বর স্টেশনের কাছে কোনার্ক এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি ট্রেনের এই মুখোমুখি অবস্থানের কারণ অনুসন্ধানে সিগন্যালিং ত্রুটি নাকি চালকের ভুল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে ওই রুটে রেল পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয় এবং যাত্রীদের মধ্যে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।