কলকাতা ফিরেই সিআইডি দপ্তরে হাজিরা, কী বললেন অভিষেক?
দিল্লি সফর শেষে আজ কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত ‘সই-কাণ্ডে’ সিআইডির তলব পেয়ে, কলকাতা বিমানবন্দরে নামার পরপরই তাঁর গোয়েন্দা দপ্তরে হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের দেওয়া ১৪ দিনের রক্ষাকবচ থাকলেও, সিআইডির বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে।
বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে বিধায়কদের অনুপস্থিতিতে স্বাক্ষর সংগ্রহ এবং রেজোলিউশন কপিতে ‘ব্যাক ডেট’ ব্যবহারের অভিযোগ ঘিরে এই তদন্ত শুরু হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫টি বিশেষ প্রশ্ন তৈরি করা হয়েছে। যার মধ্যে বিরোধী দলনেতা নির্বাচনে তাঁর ভূমিকা, কার্যবিবরণী, চেয়ারপারসনের কাজের ধরন এবং স্বাক্ষর সংক্রান্ত গরমিলের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এই জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করেই মামলার ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।