অবশেষে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গ ভিজবে বর্ষার অঝোর ধারায়!

দক্ষিণবঙ্গে অগ্রসর মৌসুমী বায়ু, আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর এবার দক্ষিণবঙ্গের দিকে আরও কিছুটা অগ্রসর হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে আসা প্রবল আর্দ্রতাজনিত বাতাসের প্রভাবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের বাকি অংশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিবর্তনের ফলে আগামী সাত দিন দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উপকূলে ৫০–৬০ কিলোমিটার এবং অন্যান্য জেলায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষার দাপট অব্যাহত থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনজীবনে সতর্কবার্তা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *