অষ্টম বেতন কমিশনের আগেই বড় চমক, জুলাই থেকে ৬৩ শতাংশ মহার্ঘ ভাতা!
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বর্তমান ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (এআইসিপি-আইডব্লিউ)-এর সাম্প্রতিক পরিসংখ্যান এবং খুচরো মূল্যস্ফীতির হারের ওপর ভিত্তি করে এই হিসাব করা হচ্ছে। তবে মে ও জুন মাসের পরিসংখ্যান যাচাইয়ের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতেও সোচ্চার হয়েছে। তাদের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের নিরিখে বিদ্যমান বেতন কাঠামো পর্যাপ্ত নয়। সংগঠনের পক্ষ থেকে সরকাররের কাছে ন্যূনতম মূল বেতন সংশোধন, উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর চালু, মূল বেতনের সঙ্গে ডিএ-র একীকরণ এবং পেনশন সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার মতো একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে। ডিএ বৃদ্ধি এবং এই নতুন বেতন কাঠামোর দাবি পূরণ হলে তা সরকারি কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে।