মার্কিন চোখরাঙানি উপেক্ষা করে রুশ তেলে বাজিমাত করলেন জয়শঙ্কর!
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিমুখী নীতি ও খামখেয়ালিপনার কড়া সমালোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ফিনল্যান্ডের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা অনুযায়ী নীতি পরিবর্তনের এই প্রবণতা গ্রহণযোগ্য নয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত নিজস্ব জ্বালানি নিরাপত্তার প্রয়োজনে রাশিয়া থেকে তেল আমদানি শুরু করলে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে এবং রুশ তেল কেনা বন্ধের নির্দেশ দেয়।
তবে পরবর্তীতে ইরানের সঙ্গে আমেরিকার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা তৈরি হলে ওয়াশিংটন ভারতকে রুশ তেল কেনার অনুমতি দেয়। এই পরিস্থিতির উল্লেখ করে জয়শংকর বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী নীতি নির্ধারণ করা হয় এবং একে নৈতিকতার মোড়কে দেখার সুযোগ নেই। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে কোনো দেশের খামখেয়ালি নির্দেশের কারণে ভারত নিজস্ব অর্থনৈতিক ক্ষতি মেনে নেবে না। এই ঘটনার ফলে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি ভারতের কৌশলগত স্বাধিকার ও স্বাধীন পররাষ্ট্রনীতি আরও জোরালো হয়েছে।