সরকারি কোয়ার্টারেও এবার স্মার্ট মিটার বাধ্যতামূলক! বড় ঘোষণা নবান্নের
সরকারি আবাসনে বাধ্যতামূলক স্মার্ট ইলেকট্রিক মিটার, নির্দেশিকা জারি নবান্নের
কলকাতা: রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ এবং আর্থিক লোকসান কমাতে সরকারি কর্মী ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের সরকারি আবাসনে এবার ডোমেস্টিক স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে। গত ১০ জুন ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। যেসব রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি সংস্থা, রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা (State PSU), কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বা পারিশ্রমিক সরাসরি রাজ্যের রাজকোষ থেকে দেওয়া হয়, তাঁদের আবাসনেই এই মিটার লাগানো হবে। এই কাজের জন্য সমস্ত বিভাগীয় প্রধান, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং জেলা শাসকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSEDCL)-এর মোট ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে প্রথম দফায় ১০৩টি কেন্দ্রকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে, যেখানে বিদ্যুৎ বণ্টনে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। প্রাথমিকভাবে এই স্মার্ট মিটারগুলি বর্তমানের মতোই পোস্ট-পেইড ব্যবস্থায় থাকবে এবং বিলিং পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হবে না। তবে মিটার বসানোর কাজ শেষ হওয়ার পর গ্রাহকরা চাইলে প্রি-পেইড ব্যবস্থার বিকল্প বেছে নিতে পারবেন। এই প্রকল্প সফল করতে সরকারি কর্মচারীদের পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।