দিঘার রূপান্তরে অতীত স্মৃতি, মুছে গেল মমতার আমলের ‘বিশ্ব বাংলা’!
দিঘার ওল্ড দিঘা পর্যটনকেন্দ্র থেকে শুক্রবার সকালে ‘বিশ্ব বাংলা গ্লোব’ সরানোর কাজ শুরু হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর পূর্বতন তৃণমূল সরকারের বিভিন্ন স্মৃতি ও প্রতীক সরানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দিঘার ১ নম্বর গেটের সামনে এই অতিকায় গ্লোবটি স্থাপন করা হয়েছিল, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ ছিল।
কাঁথির মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই পর্যটন থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে। বর্তমান সরকার রাজ্যের নতুন লোগো হিসেবে ‘অশোক স্তম্ভ’ ব্যবহার করছে এবং সেই নির্দেশিকা মেনেই গ্লোবটি সরানোর পাশাপাশি এলাকাটি নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। এদিকে, দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, নতুন সরকার তাদের নির্দিষ্ট লোগো সেখানে স্থাপন করলে তা পর্যটনের জন্য ইতিবাচক হবে বলে আশা করা হচ্ছে।