সিঙ্গুরে কি সত্যিই ফিরছে টাটা, নতুন আশায় বাংলা!
রাজ্যে ফের বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, রাজ্যে শিল্পের প্রসার ঘটাতে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা হবে। তবে এক দশকেরও বেশি সময় আগে সিঙ্গুরকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে, এবারের বিনিয়োগ ঠিক কোন স্থানে হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
সিঙ্গুরের জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় গত সরকারের আমলে টাটা গোষ্ঠী রাজ্য ছেড়ে চলায় কৃষকদের একটি বড় অংশ কারখানা এবং চাষযোগ্য জমি—উভয় থেকেই বঞ্চিত হয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কারখানার প্রাথমিক কাজের ফলে ওই জমির মাটির প্রকৃতি বদলে যাওয়ায় তা বর্তমানে চাষযোগ্য নেই। তিনি আরও জানান, রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে একাধিক নতুন প্রস্তাব সরকারের কাছে এসেছে। বিষয়গুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিল্পায়নের এই উদ্যোগ সফল হলে রাজ্যের কর্মসংস্থান ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।