ডেটিং অ্যাপে হানিট্র্যাপের শিকার বিচারক, হাতছাড়া ৫২ লক্ষ টাকা!
হরিয়ানায় ডেটিং অ্যাপ ‘টিন্ডার’-এর মাধ্যমে প্রেমের ফাঁদে পড়ে ৫২ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন এক নিম্ন আদালতের মহিলা বিচারক। অভিযুক্ত অভিমন্যু বশিষ্ঠ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ওই বিচারকের কাছ থেকে বিপুল মুনাফার লোভ দেখিয়ে এই অর্থ হাতিয়ে নিয়েছেন। লোকলজ্জার ভয়ে ওই বিচারক নিজের পরিবর্তে পরিচারিকার মাধ্যমে থানায় এফআইআর দায়ের করান, যা মামলার তদন্ত চলাকালীন প্রকাশ পায়।
তদন্তে জানা যায়, প্রতারকের অ্যাকাউন্টে পাঠানো সমস্ত টাকা সরাসরি বিচারকের অ্যাকাউন্ট থেকে স্থানান্তর করা হয়েছিল। এই ঘটনায় তথ্য গোপন করার প্রচেষ্টার জন্য দিল্লির আদালত ওই বিচারককে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, পরিস্থিতি ব্যক্তিগতভাবে বিব্রতকর হলেও তা মিথ্যা তথ্য দেওয়া বা অন্য কাউকে আইনি জটিলতায় ফেলার কারণ হতে পারে না। বর্তমানে মূল অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে পুরো বিষয়টি গুরুত্বসহকারে দেখছে আদালত।