সায়নীর দলবদল নিয়ে বড় তথ্য ফাঁস করলেন সৌগত, দোষ কি সত্যিই অভিষেকের!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে সৌগত রায়, সায়নী ঘোষের দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা অস্থিরতার মধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি সাফ জানিয়েছেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা দায়ী করা বা তাঁকে বলির পাঁঠা বানানো ঠিক নয়। বর্ষীয়ান এই নেতা আরও জানান, যেসব নেতা এখন অভিষেকের বিরুদ্ধে বিষোদগার করছেন, নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত তাঁরাই আবার তাঁর জয়জয়কার করেছিলেন। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি প্রসঙ্গে সৌগত রায় জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
নিজেদের দলের নেত্রী সায়নী ঘোষের দলত্যাগ নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সৌগত রায়। তিনি জানান, দলবদলের চার-পাঁচ দিন আগেই সায়নী ফোনে তাঁর সঙ্গে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন কী পরিস্থিতির কারণে তিনি মত পরিবর্তন করলেন, তা জানা নেই বলে জানিয়েছেন প্রবীণ এই সাংসদ। বিমানবন্দরে সায়নীর বিশেষ সাজসজ্জার দিকে ইঙ্গিত করে তিনি জানান, সায়নী এখন কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।