মার্কিন মিসাইলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, রণং দেহি মেজাজে নয়াদিল্লি!
ওমান উপকূলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত: সাউথ ব্লকে তলব মার্কিন কূটনীতিক
পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM) সরকারিভাবে এই হামলার দায় স্বীকার করার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনার জেরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারতে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আন্তর্জাতিক জলসীমায় অসামরিক বাণিজ্যিক জাহাজে এই হামলার কঠোর নিন্দা জানিয়ে মার্কিন দূতকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে ওমান উপকূল ও হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মার্কিন সেনা পরপর তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ‘এমটি সেত্তেবেলা’ (MT Settebello) নামক জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন চিফ ইঞ্জিনিয়ার পত্নালা সুরেশ, ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ফিটার শিবানন্দ চৌরাসিয়া। এছাড়া ‘এমটি জলবীর’ নামক আরও একটি জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করেও দুটি ‘হেলফায়ার’ (Hellfire) মিসাইল ছোড়ার বিষয়টি আমেরিকা স্বীকার করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক একটি আনুষ্ঠানিক ডেমার্শে জারি করে জানিয়ে দিয়েছে যে, অসামরিক জাহাজে এ ধরনের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।