দুর্নীতির জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল, গ্রেফতারি এড়াতে মরিয়া চেষ্টায় সস্ত্রীক হাইকোর্টে!
গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বউবাজার থানায় দায়ের হওয়া একটি এফআইআরের প্রেক্ষিতে তাঁরা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলাটি শুনানির জন্য অনুমতি দিয়েছেন এবং আগামী ১৭ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’র টিকিট বিক্রির ক্ষেত্রে ইউনেস্কোর নাম অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের মতে, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে প্রচার চালানো হয়েছে যে এই ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে ইউনেস্কোর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আন্তর্জাতিক পর্যটনের আড়ালে আর্থিক সুবিধা নিতে এই কর্মকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। প্রমাণ হিসেবে ইউনেস্কোর ই-মেল ও আইনি নথি জমা দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে যে বাণিজ্যিক কোনো উদ্যোগে ওই আন্তর্জাতিক সংস্থা সম্মতি দেয়নি।