তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি নোটিশ, তোলপাড় রাজ্য রাজনীতি!

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের কয়েকজন হেভিওয়েট নেতা-নেত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, বৈদ্যনাথবাবুর বিরুদ্ধে দলের অন্দরে বিধায়ক পদের টিকিট চাওয়ার মিথ্যা রটনা ছড়ানো হয়েছে এবং সাংসদের পরিবার সম্পর্কে কুরুচিকর ও ব্যক্তিগত মন্তব্য করা হয়েছে।

বৈদ্যনাথবাবুর আইনজীবী পূজা শুক্লা একটি আইনি নোটিশ প্রস্তুত করেছেন, যেখানে তৃণমূলত্যাগী সোনালী গুহর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে বিবাদী করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে যে, অভিযোগকারীরা যেন প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজেদের বক্তব্য প্রত্যাহার করে নেন। অন্যথায় মানহানির মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী সোমবার এই নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *