১১৪ বছর পর নিলামে টাইটানিকের সেই রহস্যময় লকেট, বিক্রি হলো কোটি টাকায়!
টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১১৪ বছর পর এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া একটি ঐতিহাসিক লাইফ জ্যাকেট ইংল্যান্ডের এক নিলামে প্রায় ৮ কোটি ৩৯ লক্ষ টাকায় (৬ লক্ষ ৭০ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামক নিলামকারী সংস্থার আয়োজিত এই ইভেন্টে প্রথম শ্রেণির যাত্রী লরা মেবেল ফ্রানকাতেলির ব্যবহৃত জ্যাকেটটি ঘিরে সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ১৯১২ সালের সেই ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া লরা ফ্রানকাতেলি ও তাঁর সঙ্গে থাকা অন্য যাত্রীদের স্বাক্ষর সম্বলিত এই জ্যাকেটটির প্রাথমিক দাম আড়াই থেকে সাড়ে তিন লক্ষ পাউন্ড অনুমান করা হলেও, শেষ পর্যন্ত তা প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।
ঐতিহাসিক এই জ্যাকেটটি ছাড়াও একই নিলামে টাইটানিকের লাইফবোটের একটি কুশন প্রায় ৩ লক্ষ ৯০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। লরা ফ্রানকাতেলি দুর্ঘটনার সময় ফ্যাশন ডিজাইনার লুসি ডাফ গর্ডন ও তাঁর স্বামীর সঙ্গে ‘লাইফবোট নম্বর ১’-এ চড়ে প্রাণ বাঁচিয়েছিলেন। ৪০ জনের ধারণক্ষমতা থাকা সত্ত্বেও সেই বোটটি মাত্র ১২ জন যাত্রী নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, যা নিয়ে দীর্ঘ সময় বিশ্বজুড়ে বিতর্ক ছিল। সেই মর্মান্তিক ও বিতর্কিত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে থাকা এই স্মারকগুলো টাইটানিক ট্র্যাজেডির প্রতি সাধারণ মানুষের দীর্ঘস্থায়ী আবেগ ও ঐতিহাসিক নিদর্শনের প্রতি শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে মনে করছে নিলামকারী সংস্থা।