বিষ্ণুপুরে সুবর্ণ সুযোগ, নারীশক্তির জন্য মোদীর ঝুলিভর্তি উপহার!
বাঁকুড়ার বিষ্ণুপুরের নির্বাচনী জনসভায় রাজ্যের মহিলাদের জন্য একগুচ্ছ আর্থিক ও সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে মহিলাদের বার্ষিক ৩৬ হাজার টাকা সরাসরি সহায়তা, গর্ভবতী অবস্থায় ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর আরও ৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও উচ্চশিক্ষার প্রসারে মহিলাদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। নারী শক্তিকে স্বনির্ভর করতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তার সুযোগ রাখার কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং জটিল কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিনা খরচে ডায়ালিসিসের প্রতিশ্রুতি দিয়েছেন। আবাসন খাতে ‘পিএম আবাস যোজনা’র আওতায় পাকা বাড়ির জন্য দেড় লক্ষ টাকা সহায়তা এবং ‘পিএম সূর্যগড়’ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল কমাতে ৮০ হাজার টাকা পর্যন্ত ভরতুকির ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি রান্নার গ্যাসের খরচ কমাতে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডার ও পাইপলাইন সংযোগ প্রদানের বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।