ছয় মাসেই কলকাতা পুরভোট, তারিখ বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী!
আগামী ছয় মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভার আয়োজিত ‘স্বচ্ছতা স্বাগত অভিযান’ অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে নতুন পুরবোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কলকাতা পুরসভার বর্তমান অচলাবস্থা কাটিয় নতুন পুরবোর্ড গঠনই এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার কলকাতা পুরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন চেয়ারপার্সন মালা রায় ছাড়াও কাজরী বন্দ্যোপাধ্যায়, পূজা পাঁজা, অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস এবং দেবাশিস কুমারসহ তৃণমূলের একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিরোধী দলের জনপ্রতিনিধিদের এই প্রশাসনিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়টি রাজনৈতিক সৌজন্যের একটি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।