৪ বছরে ১৫০ কোটি! তৃণমূলের ‘আকাশ-বিলাস’ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

নির্বাচন কমিশনে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তৃণমূল কংগ্রেসের মোট খরচের পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। এর মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলটির মোট খরচের প্রায় ৫৬ শতাংশই ব্যয় হয়েছে শুধুমাত্র বিমানভাড়ার খাতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো আঞ্চলিক দলের ক্ষেত্রে আকাশপথে যাতায়াতের পেছনে এমন ব্যয় নজিরবিহীন। দলীয় সূত্রে জানা গেছে, এই খরচের সিংহভাগ ব্যয় হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিমান ও হেলিকপ্টার ব্যবহার করায় তাঁর পেছনে দলের তহবিল থেকে এই ব্যয় করতে হয়নি।

এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে এখন দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে বিতর্ক। সাংসদ হিসেবে বিজনেস ক্লাস টিকিটের সুবিধা থাকা সত্ত্বেও ব্যক্তিগত জেট ব্যবহারের বিষয়টি নিয়ে দলের অন্দরে অসন্তোষ দানা বেঁধেছে। কর্মসমিতির সদস্য কুণাল ঘোষসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই বিলাসিতার সমালোচনা করেছেন। এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে যে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে প্রায় ৪৪০ কোটি টাকা গচ্ছিত রয়েছে। অ্যাকাউন্টগুলো ফিরে পেতে দলকে এখন দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে, যা দলটির অভ্যন্তরীণ আর্থিক ও রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *