বালুরঘাটে মিলল ৪০০ বছরের পুরোনো লুপ্তপ্রায় পুথি, ইতিহাস বাঁচাতে নজিরবিহীন উদ্যোগ!

দক্ষিণ দিনাজপুরের প্রাচীন পাণ্ডুলিপি রক্ষায় ডিজিটাল উদ্যোগ নিল জেলা প্রশাসন

বালুরঘাট: কালভেদে হারিয়ে যেতে বসা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ইতিহাস ও দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সংরক্ষণে আধুনিক ডিজিটাল পদ্ধতি গ্রহণ করল জেলা প্রশাসন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘জ্ঞান ভারতম মিশন’ প্রকল্পের আওতায় কলকাতার এশিয়াটিক সোসাইটির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী পরিবার ও ইতিহাসপ্রেমীদের কাছ থেকে তালপাতা ও প্রাচীন কাগজে লেখা বহু অমূল্য পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে বালুরঘাট কলেজের বেশ কিছু প্রাচীন পুথির ডিজিটাইজেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ৪০০ বছরের পুরোনো রাসকেলির শ্রীকৃষ্ণলীলা বিষয়ক পুথি, শ্রী শ্রীকৃষ্ণ সহস্র নামস্তোত্র এবং জগজ্জীবন ঘোষালের ‘পদ্মামঙ্গল’-এর মতো ঐতিহাসিক নথির সন্ধান পাওয়া গেছে। ‘পদ্মামঙ্গল’ পাণ্ডুলিপিতে মনসার মাহাত্ম্যের পাশাপাশি প্রাচীন দিনাজপুরের ধোকড়া শিল্প, কৃষিজাত পণ্য ও কুটির শিল্পের বিশদ বিবরণ রয়েছে। এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিহাসবিদ, গবেষক ও অধ্যাপকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগত সংগ্রহে থাকা মূল পাণ্ডুলিপি মালিকের কাছেই ফেরত দেওয়া হবে, প্রশাসন কেবল সেটির ডিজিটাল ব্যাক-আপ সংরক্ষণ করবে, যাতে দেশ-বিদেশের গবেষক ও সাধারণ মানুষ সহজে এর তথ্য পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *