বিজেপিকে সাহায্য করলে জামানত বাজেয়াপ্ত হবে! তৃণমূলকে কড়া হুঁশিয়ারি নওশাদের
তৃণমূলের ভাঙন নিয়ে মমতা বন্দ্যোপাধায়কে নিশানা নওশাদ সিদ্দিকির
২৬-এর নির্বাচনে হারের পর থেকেই তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের বহু বিধায়ক পৃথক ব্লক তৈরি করেছেন এবং অধিকাংশ সাংসদ অন্য দলে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থন জানিয়েছেন। তৃণমূলের এই নজিরবিহীন পরিস্থিতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তীব্র সমালোচনা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি অভিযোগ করেন, তৃণমূলের নেতারা যে পরিমাণ দুর্নীতি করেছেন, এটি তারই ফল। তাছাড়া, অতীতে তৃণমূল নিজেই বিরোধী দল ভাঙানোর যে সংস্কৃতি শুরু করেছিল, আজ দলটি সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেন নওশাদ।
মুর্শিদাবাদের তিন সাংসদের দলবদল ও বিজেপিকে পরোক্ষ সমর্থনের বিষয়টি নিয়েও সরব হয়েছেন আইএসএফ বিধায়ক। যারা সংখ্যালঘু ভোটের জোরে নির্বাচিত হওয়ার পর এখন বিজেপিকে সাহায্য করছেন, তাদের আগামী নির্বাচনে মানুষ প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া আগামী ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া বিধানসভা অধিবেশন প্রসঙ্গে নওশাদ জানান, সরকার পক্ষ নিজেদের মতো করে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইলেও, এবার বিধানসভায় প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবেন তিনি ও মুস্তাফিজুর রহমানের মতো নেতারা।