মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে নিখোঁজ মৎস্যজীবী!
জামাই ষষ্ঠীর প্রাক্কালে গভীর সমুদ্র থেকে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হলেন কৃষ্ণ দাস নামে এক মৎস্যজীবী। শুক্রবার পাথরপ্রতিমা ব্লকের বকচরা, জগদ্দল ও সুতারবাগ নদীর মোহনা সংলগ্ন এলাকায় প্রবল স্রোতের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা ওই মৎস্যজীবীর খোঁজে গত ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত ১৫ জুন ‘এফবি সাবিত্রী’ নামের ট্রলারে করে সঙ্গীদের সঙ্গে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন কৃষ্ণ দাস। ফেরার পথে ট্রলারের ছাদে থাকা অবস্থায় নদীর প্রচণ্ড স্রোত ও ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে তিনি জলে পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতে তিনি মুহূর্তে তলিয়ে যান। পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকারের নেতৃত্বে পুলিশ ও প্রশাসন একাধিক লঞ্চ ও ট্রলার নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। উৎসবের মুখে এই আকস্মিক দুর্ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীর পরিবারে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।