টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, ৪ দিনের লাল সতর্কতা!

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় দৈনিক ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা দুর্যোগের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নামার পাশাপাশি দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় হড়পা বানের সর্তকতা জারি করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকা থেকে পর্যটক ও বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সিকিম ও ভুটানের ঢলে ডুয়ার্সের নদীগুলোতেও মারাত্মক জলস্ফীতির আশঙ্কা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় পর্যটকরা সমস্যায় পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে। পাশাপাশি, পূর্ত মন্ত্রী অজয় কুমার পোদ্দার উত্তরবঙ্গের জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেছেন। সড়ক যোগাযোগ স্বাভাবিক করা ও ত্রাণ কাজের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *