পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝেই এলপিজি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের!
পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে আশাব্যঞ্জক বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রক বৈঠকে সরকার স্পষ্ট করেছে যে, দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই। আন্তর্জাতিক সাপ্লাই চেইন নিয়ে শঙ্কা থাকলেও দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে, তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চাহিদার তুলনায় বাড়তি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে তেল বিপণন সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নিয়েছে। গত তিন দিনে ১ কোটি ৩৬ লক্ষ বুকিংয়ের বিপরীতে ১ কোটি ৪৭ লক্ষের বেশি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া কালোবাজারি রোধে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) ব্যবস্থার মাধ্যমে ৯৬ শতাংশ ডেলিভারি সম্পন্ন হচ্ছে। পাশাপাশি, অপরিশোধিত তেলের দামের প্রভাব কমাতে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করতে পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) সংযোগ প্রসারেও জোর দেওয়া হয়েছে, যার আওতায় মার্চ মাস থেকে নতুন ১০ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া গুজরাতের দাহেজ বন্দরে ৬২ হাজার মেট্রিক টন এলএনজি নিয়ে একটি জাহাজ পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। জ্বালানি কূটনীতির পাশাপাশি পশ্চিম এশিয়ায় কর্মরত ৩,৬৩৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে সরকার জানিয়েছে।