দক্ষিণবঙ্গ ভাসবে ভারী বৃষ্টিতে, জারি হলো হাই অ্যালার্ট!
দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ১৯ জুন দুপুর থেকে ২০ জুন সকাল পর্যন্ত কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বিরাজ করতে পারে।
সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে হাওড়া ও হুগলি জেলায়, যেখানে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির দাপট থাকবে এবং আগামী সাত দিন রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বজ্রবিদ্যুতের সময় গাছ বা জলাশয়ের নিচে আশ্রয় না নেওয়া এবং অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।