আইনি জটিলতায় ‘দ্য কেরালা স্টোরি’, ফের কি বিতর্কের মুখে সিনেমা?

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি ২’ ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। ছবিটির নাম থেকে ‘কেরালা’ শব্দটি অবিলম্বে অপসারণের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেরালা হাই কোর্ট ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহকে আইনি নোটিশ পাঠিয়েছে। এই মামলায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং গত ১ মে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডকেও বিবাদী করার আবেদন জানানো হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, সিনেমাটির বিষয়বস্তু কেরল রাজ্যের সুনাম ক্ষুণ্ণ করছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দিচ্ছে। এজন্য প্রযোজকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৯৭ ও ২৯৯ ধারায় মামলা রুজু করার দাবি জানানো হয়েছে। অভিযোগকারীর ভাষ্যমতে, ওটিটি প্ল্যাটফর্মে ছবিটির প্রচার কেরলবাসী ও একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাবিদ্বেষ ছড়াচ্ছে। মামলার শুনানিতে বিচারপতি পি. ভি. কুনহিকৃষ্ণন প্রেক্ষাগৃহে মুক্তির চার মাস পর এই মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও, আবেদনকারীর আইনজীবীর যুক্তি ছিল যে ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটির নেতিবাচক প্রভাব এখনও চলমান। আপাতত আদালত সেন্সর বোর্ডের খারিজের আবেদন বিবেচনা না করে চূড়ান্ত শুনানি পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *