বাড়ি বসে বেতন আর নয়, ফাঁকিবাজ শিক্ষকদের ধরতে এবার অলআউট অভিযানে রাজ্য!
রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক স্তরে কর্মসংস্কৃতি ফেরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকা ‘ফাঁকিবাজ’ শিক্ষক ও সরকারি কর্মচারীদের চিহ্নিত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য শিক্ষা দফতর। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাসের পর মাস অনুপস্থিত থাকার যে প্রবণতা ছিল, তা রোধ করতে এবার হাজিরা খাতা পরীক্ষার পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলে প্রকৃত তথ্য যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিহ্নিত অভিযুক্তদের প্রথমে শোকজ নোটিশ পাঠানো হবে এবং সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে আটকে থাকা প্রভাবশালী কর্মীদের সুবিধা বন্ধ করে তাদের অন্য জায়গায় বদলি করা হবে। বিশেষ করে শহরাঞ্চলের উদ্বৃত্ত শিক্ষকদের গ্রামীণ অঞ্চলের অভাবী স্কুলগুলিতে বাধ্যতামূলক বদলি করার প্রক্রিয়া শুরু করছে শিক্ষা দফতর। সরকারি আধিকারিকরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, অতীতের অনিয়মের রেকর্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, তাই বর্তমানে কেউ অনিয়ম ঢাকার চেষ্টা করলেও নিস্তার মিলবে না।