তারকেশ্বরে ঐতিহাসিক বার্তা, এবার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে বাংলা!
হুগলির তারকেশ্বরে আয়োজিত ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো আয়োজিত এই সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলা এখন যাবতীয় বাধা কাটিয়ে নিজের হৃত গৌরব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। আজকের দিনে আয়োজিত এই অনুষ্ঠান রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক উল্লেখযোগ্য পটপরিবর্তন হিসেবে গণ্য হচ্ছে।
অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রাজ্যের বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, গত কয়েক দশকের স্থবিরতা কাটিয়ে বর্তমান সরকার দ্রুত উন্নয়নের পথে হাঁটছে। এদিন তিনি কয়েকশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি কৃষকদের সুরক্ষায় রাজ্যে ‘পিএম ফসল বিমা প্রকল্প’ চালু করেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের কাজ ত্বরান্বিত করার বিষয়টিও তুলে ধরেন তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপন এবং হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটা সংস্কার করে সেখানে স্মৃতিশৌধ ও লাইব্রেরি তৈরি করা হবে।