লেবাননে ইসরায়েলি হামলার চরম মূল্য, হরমুজ প্রণালী বন্ধ করল ইরান!
আমেরিকার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইজরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ১৬ জনের মৃত্যুর পর হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও রাত গড়াতেই ইজরায়েলি বাহিনী বিভিন্ন এলাকায় স্থল ও আকাশপথে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরানের সশস্ত্র বাহিনীর সদর দফতর ‘খতম-আল-আনবিয়া’ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
ইজরায়েলের এই আকস্মিক পদক্ষেপে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে গভীর কূটনৈতিক সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে আমেরিকা যখন চুক্তি রক্ষার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে হিজবুল্লাহ সাফ জানিয়েছে যে তারা এই চুক্তি মানে না এবং তারা ইজরায়েলি আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত। চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ইরানের এই পাল্টা পদক্ষেপের ফলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।