প্রধানমন্ত্রীর সফরে স্তব্ধ কলকাতা, সপ্তাহান্তে চরম ভোগান্তির আশঙ্কা!

দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে তাঁর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে। রাতে রাজভবনে রাত্রিযাপনের পর রবিবার সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ও নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার বিকেল থেকে রবিবার দুপুর পর্যন্ত কলকাতা শহরজুড়ে ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, এসপ্ল্যানেড রোড ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই বন্ধ থাকবে। এছাড়া শনিবার বিকেল ৩টে ৩০ মিনিট থেকে রাত ১০টা এবং রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় মালবাহী গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। পণ্যবাহী গাড়িগুলোকে কেপি রোড, ডাফরিন রোড ও মেয়ো রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট কিছু জায়গায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও জরুরি পরিষেবাগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, ওষুধ, দুধ, ফল ও সবজি পরিবাহী গাড়ি স্বাভাবিক চলাচল করতে পারবে। তবে সপ্তাহান্তের ছুটির দিনে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও চালকদের সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। মূল রাস্তাগুলো বন্ধ থাকায় সংলগ্ন সংযোগকারী রাস্তাগুলোতে গাড়ির চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *