লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝাঁপ দিয়েও প্রাণ হারালেন ১৫ পড়ুয়া!

লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টে নাগাদ পুরানিয়া এলাকার ওই বহুতলের এসিতে আগুন লাগার ঘটনা ঘটে, যা দ্রুত পুরো ভবনটিকে কালো ধোঁয়ায় ঢেকে ফেলে। বহুতলের নীচতলায় একটি পোষ্যের ক্লিনিক এবং ওপরের তলাগুলিতে অ্যানিমেশন ও গেমিং কোচিং সেন্টার ছিল। এই ঘটনায় আরও ৯ জন গুরুতর জখম হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের মেরুদণ্ডে গুরুতর আঘাত রয়েছে। বাঁচার তাগিদে বহুতল থেকে ঝাঁপ দেওয়া ২০ থেকে ২৪ বছর বয়সী পড়ুয়াদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

দমকল ও এনডিআরএফ কর্মীরা দেওয়াল ভেঙে এবং পাশের বাড়ির ছাদ ব্যবহার করে রাত পর্যন্ত উদ্ধারকাজ চালান। লখনউ পুলিশ এই ঘটনায় ভবনের মালিকসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। আবাসিক হিসেবে তৈরি এই ভবনটি বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই সদস্যের সিট (SIT) গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন, পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *