সংসদে আঞ্চলিক ভাষার জাদুতে মুগ্ধ সবাই, ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল!

সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় উত্তরপ্রদেশের মছলিশহরের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের আঞ্চলিক ভাষার ব্যবহার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে কেন বিলম্ব করা হচ্ছে এবং বর্তমানে থাকা ৫৪৩টি আসনেই কেন অবিলম্বে ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হচ্ছে না, তা নিয়ে এদিন সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। আলোচনার এক পর্যায়ে নির্ধারিত সময় ফুরিয়ে এলে স্পিকারের আসনে থাকা জগদম্বিকা পাল তাঁকে থামানোর চেষ্টা করেন। সে সময় প্রিয়া সরোজ তাঁর স্থানীয় ‘অওধি’ ভাষায় আবদার করে বলেন, “বোলত হয়ী দু মিনিট রুকা…”, অর্থাৎ “বলছি তো, দু’মিনিট থামুন।”

সাংসদের এমন ঘরোয়া ও সপ্রতিভ বাচনভঙ্গিতে সংসদ কক্ষে মুহূর্তের জন্য হালকা পরিবেশ তৈরি হয়, যার প্রতিক্রিয়ায় স্পিকার জগদম্বিকা পাল নিজেও ভোজপুরি ভাষায় রসিকতা করে বলেন, “কুল বাত আ গয়িল…” বা সব কথাই তো চলে এসেছে। এই কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, সংসদীয় বিতর্কের মাঝে প্রিয়া সরোজের এমন নিজস্ব আঞ্চলিক ভাষার বহিঃপ্রকাশ দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিরই প্রতিফলন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *