রায়নায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই অকাল দীপাবলি, আনন্দে মাতলেন গ্রামবাসীরা!
পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপি এক মহিলা কর্মীর ওপর শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা বামদেব মণ্ডল ও তাঁর সহযোগী নিজামুদ্দিন শেখ ওরফে কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জাকতা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রায়না থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি ও অস্ত্র আইনসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
অভিযোগকারী ওই বিজেপি কর্মীর দাবি, গত ১০ মার্চ বামদেব মণ্ডল ও তাঁর দলবল এক লক্ষ টাকা তোলা দাবি করেন। ৩০ হাজার টাকা দেওয়ার পরও মহিলাকে মারধর, পোশাক ছিঁড়ে ফেলা এবং ব্লেড দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁর স্বামী ও অন্যান্য কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এদিকে, বামদেব মণ্ডলের গ্রেপ্তারিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উল্লাস দেখা দিলেও, স্থানীয় বিজেপি বিধায়ক সুভাষ পাত্র একে স্বস্তির বিষয় বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের মিথ্যা মামলা সাজানো হয়েছে।