বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে বিস্ফোরক তামান্না!

দুই দশকের বেশি সময় ধরে বিনোদন জগতে কাজ করা অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যকার কাজের পরিবেশ ও বৈষম্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কী রাত’ গানে প্রশংসিত হওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি দুই ইন্ডাস্ট্রির ভিন্নতা ও নারী শিল্পীদের অবস্থান নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর মতে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীরা কাজের ক্ষেত্রে দুটি ভিন্ন পথ বেছে নেওয়ার সুযোগ পান, যেখানে গ্ল্যামারাস পারফরম্যান্স এবং অভিনয়ের সমন্বয় ঘটিয়ে তারকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পিতৃতান্ত্রিক উল্লেখ করে তামান্না জানান, সেখানে একজন অভিনেত্রীকে সফল হতে হলে বাধ্যতামূলকভাবে অভিনয় ও গ্ল্যামারাস নাচ-গানে পারদর্শী হতে হয়। বাণিজ্যিক সাফল্যের স্বার্থে সেখানে অভিনেত্রীদের কাজের স্বাধীনতা অনেক সময় সংকুচিত থাকে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, আইটেম গানকে ‘আইটেম’ না বলে ‘পার্টি সং’ হিসেবে অভিহিত করার পক্ষে মত দিয়ে তিনি নারী পণ্যায়ন বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *