পরমাণু কেন্দ্রে রাষ্ট্রসংঘ! ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কি তবে যুদ্ধ বাধাবে?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি নাকচ করে দিয়ে ইরান সাফ জানিয়েছে যে, তাদের পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের প্রবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। সোমবার ভ্যান্স দাবি করেছিলেন, পরমাণু নিরস্ত্রীকরণের অংশ হিসেবে ইরান পরিদর্শনের বিষয়ে সম্মত হয়েছে। তবে মঙ্গলবার ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আইএইএ-র সঙ্গে তাঁদের কোনো বৈঠক হয়নি এবং কেন্দ্রগুলো পরিদর্শনের কোনো পরিকল্পনাও নেই।
আমেরিকা ও ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, ইরান গোপন ঘাঁটিতে পরমাণু অস্ত্র তৈরি করছে। এই সন্দেহের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। হামলার পর খবর ছড়িয়েছিল যে, বিপুল পরিমাণ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এমন পরিস্থিতিতে সত্য উদঘাটনের জন্য পরিদর্শক পাঠানোর ওপর জোর দিচ্ছে ওয়াশিংটন। এদিকে, তেহরানের এই অনড় অবস্থানে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিদর্শকদের প্রবেশের অনুমতি না দিলে শান্তি বৈঠক বাতিল করা হবে। ইরানের এই কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।