বিধানসভায় ব্রাত্য কালীঘাট, বিএ কমিটিতেও ব্রাত্য মমতাপন্থীরা!
রাজ্য বিধানসভার সদ্য গঠিত বিজনেস অ্যাডভাইজারি (বিএ) কমিটিতে কালীঘাটপন্থী তৃণমূলের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। ১৯ জুন ঘোষিত এই নতুন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী বিধায়করা। বিধানসভার কার্যবিবরণী নিয়ন্ত্রণের চাবিকাঠি হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে মমতাপন্থীদের কোনো সদস্য না থাকায় বিধানসভার অন্দরে তাঁদের প্রভাব কার্যত শূন্য হয়ে পড়েছে।
নতুন গঠিত এই কমিটিতে শাসক দলের ১২ জন সদস্যের পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী মুখ্য সচেতক হিসেবে নেওয়া হয়েছে ঋতব্রতপন্থী আখরুজ্জামানকে। তালিকায় অন্যদের মধ্যে বিপ্লব মিত্র, সমীর কুমার জানা-সহ ঋতব্রতপন্থীদের আধিপত্য স্পষ্ট। পাশাপাশি, আমন্ত্রিত সদস্য হিসেবে আইএসএফ-এর নওশাদ সিদ্দিকী, সিপিআইএম-এর মহম্মদ মোস্তাফিজুর রহমান, কংগ্রেসের মোহতাব শেখ এবং আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ূন কবীরকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। বিধানসভার অধিবেশনের দিনক্ষণ, বিল উত্থাপন এবং আলোচনার সময়সীমা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএ কমিটিই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।