রবীন্দ্র সরোবরের বেহাল দশা, এনজিটির নিয়ম ভাঙায় কড়া বার্তা পুরমন্ত্রীর!
রবীন্দ্র সরোবর লেকের বেহাল দশা এবং খেলার জায়গা বন্ধ থাকার অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে পরিদর্শনে নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ‘স্বচ্ছতা অভিযান’-এর অঙ্গ হিসেবে কেএমডিএ-র ব্যাটারি চালিত গাড়িতে করে তিনি লেকের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন এবং প্রাতর্ভ্রমণকারীদের কাছ থেকে নানা সমস্যার কথা শোনেন। এসময় স্থানীয়রা সিসিটিভি ক্যামেরার অভাব, অপরিচ্ছন্নতা এবং দীর্ঘকাল মেকানিক্যাল ড্রেজিং না হওয়ায় লেকের গভীরতা ৫ ফুটে নেমে আসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে পুরমন্ত্রী লেকের বর্তমান অব্যবস্থা নিয়ে বেশ কিছু উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, লেকের আশেপাশে থাকা তিনটি ক্লাব ও একটি মসজিদের জল পরিশোধনের জন্য আলাদা নিকাশি ব্যবস্থা না থাকা, দীর্ঘদিনের ড্রেজিংয়ের অভাব এবং যত্রতত্র গাছের পাতা ফেলে অপরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মতো গুরুতর সমস্যাগুলো তাঁর নজরে এসেছে। এছাড়াও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম অমান্য করে লেক চত্বরে কুকুরদের খাবার দেওয়াসহ পরিবেশের ভারসাম্য নষ্টের বিষয়গুলো চিহ্নিত করেছেন তিনি। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী।