তারাতলা বিপর্যয়ের পর নড়েচড়ে বসল প্রশাসন, কলকাতা ও সংলগ্ন এলাকায় বন্ধ সব নির্মাণ কাজ!
তারাতলা বিপর্যয়ের ঘটনার পর কলকাতা, রাজারহাট-নিউ টাউন, মহেশতলা, বজবজ, পুজালি, সোনারপুর এবং বারুইপুর পুরসভা এলাকায় সমস্ত নির্মীয়মাণ ভবনের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের আমলে অনুমোদিত সমস্ত বিল্ডিং প্ল্যান নতুন করে নিরীক্ষা (অডিট) করা হবে।
নির্মাণকাজের প্ল্যান খতিয়ে দেখার জন্য কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে, খলিল আহমেদ, ডিজি বিল্ডিং, ডিজি ফায়ার এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির ছাড়পত্র পাওয়ার পরই নির্মাণকাজ পুনরায় শুরু করা যাবে। পাশাপাশি, তারাতলা বিপর্যয়ের পেছনে তৃণমূল সরকারের আমলের দুর্নীতিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তিনি তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ প্ল্যানে অনুমোদনের অভিযোগ তুলেছেন এবং এই দুর্নীতির তদন্তে তৎকালীন মেয়র ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় (কালী)-কে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছেন।