অভিষেকের আপ্তসহায়কের আগাম জামিন খারিজ, বড় বিপাকে তৃণমূল!

আর্থিক জালিয়াতি ও দুর্নীতির মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে এখনই আগাম জামিন বা আইনি রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চ সুমিত রায়কে আগামী সোমবারের মধ্যে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালত জানিয়েছে, সুমিত রায়ের বিরুদ্ধে দুর্নীতির টাকা সরাসরি পৌঁছানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা অন্য সাক্ষী ও ধৃত ব্যক্তিদের জবানবন্দি দ্বারা সমর্থিত। জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে তাঁর নাম উঠে আসে। তদন্তের স্বার্থে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে সিআইডি ‘লুক আউট সার্কুলার’ জারি করেছে এবং ডেবরায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও একটি এফআইআর দায়ের হয়েছে।

এদিকে, মামলার পর থেকে সুমিত রায় নিখোঁজ থাকায় পুলিশ তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালালেও তাঁকে পাওয়া যায়নি। একই সঙ্গে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়েছে। শাসকদলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে জোড়া এফআইআর ও পুলিশি তল্লাশির এই ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *