তারাতলা বিপর্যয়: ধ্বংসস্তূপে কতজন, গাফিলতির দায় কার?

কলকাতা: তারাতলার বেআইনি গুদাম ভেঙে পড়ার ঘটনায় ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে লালবাজার। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের (DD) ডিসি-র নেতৃত্বে এই দলটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। অ্যাডিশনাল সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, এই ঘটনায় নির্মাণকারী সংস্থা, জমির মালিক এবং মূল অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) অধীনে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়ষন্ত্রের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে গুদামের মালিক শম্ভুনাথ বেহরাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ধৃত বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার ও লেবার সাপ্লায়ার আসগার হোসেনের বিরুদ্ধে অতীতে দাঙ্গা, তোলাবাজিসহ বিভিন্ন গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

তদন্তকারীদের দাবি, গত তিন মাস ধরে চলা এই নির্মাণকাজে শ্রমিকদের কোনো রকম হাজিরা খাতা বা মাস্টার রোল রাখা হয়নি। মৌখিক চুক্তিতে শ্রমিকদের নিয়োগ করে এই বেআইনি কাজ চলছিল। হাজিরা খাতা না থাকায় ঠিক কতজন শ্রমিক নির্মাণাধীন ওই পাঁচতলা ভবনে কাজ করছিলেন, তা নিয়ে অস্পষ্টতা কাটেনি। ধ্বংসস্তূপের নিচে আরও কতজন চাপা পড়ে থাকতে পারেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে অনিয়ম খতিয়ে দেখতে এবং অভিযুক্তদের ভূমিকা নিশ্চিত করতে কলকাতা পুরসভার কাছে প্রকল্পের নকশা ও প্রয়োজনীয় নথিপত্র তলব করেছে বিশেষ তদন্তকারী দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *